শিরোনাম

উত্তাল পদ্মা : পাটুরিয়া ও আরিচায় লঞ্চ চলাচল বন্ধ

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ: বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘু চাপের প্রভাবে প্রবল বাতাস ও নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে বুধবার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে, স্বাভাবিক রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল।
লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে চাপ সৃষ্টি হয়েছে যাত্রী পারাপারের। লঞ্চের চেয়ে ফেরিতে নদী পার হতে যাত্রীদের প্রায় আধা ঘণ্টা সময় বেশি লাগছে। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছতে ভোগান্তি বেড়েছে অনেকের।
বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম জানান, পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া ও যমুনা নদীর আরিচা-কাজিরহাট নৌপথে ৩২টি লঞ্চ নিয়মিত চলাচল করে। এরমধ্যে আরিচা-কাজিরহাটে নৌপথে যাত্রীদের চাপ অনুযায়ী প্রতিদিন চলাচল করে ৫ থেকে ৮টি লঞ্চ।
মঙ্গলবার রাত থেকে প্রবল বাতাসের কারণে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়েছে পদ্মা ও যমুনায়। এতে লঞ্চ চলাচল ঝুঁকির মধ্যে পড়ে যায়। দুর্ঘটনা এড়াতে বুধবার সকাল ১০টা থেকে ওই নৌপথ দুটিতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। আবহাওয়া অনুকূলে এলেই আবার লঞ্চ চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি। সন্ধ্যা ৭টায় এ রির্পোট লেখা পর্যন্ত লঞ্চ চলাচলা বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাতটি রো রো (বড়), চারটি ইউটিলিটি (মাঝারি) ও একটি কে-টাইপ (ছোট) ফেরি চলাচল করছে। প্রবল বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের মধ্যে ফেরিগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে। ফেরি পারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে রয়েছে আড়াইশ’ ট্রাকসহ তিন শতাধিক যানবাহন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button