সংস্কারকাজে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট

সাভার সংবাদদাতা: ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক ও জনপথের (সওজ) সংস্কারকাজ করায় গতকাল সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে সিঅ্যান্ডবি হয়ে নবীনগর পর্যন্ত ছিল তীব্র যানজট। যানজটে মহাসড়কে চলাচলরত কয়েক লাখ যাত্রীকে চরম দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে সাভারের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাস এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মডেল টেস্টসহ সব পরীক্ষায় অংশ নিতে যথাসময়ে পৌঁছতে কষ্ট হচ্ছে।
সওজ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভার থেকে নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে সংস্কারের কাজ সড়ক ও জনপথ (সও’জ) কর্তৃপক্ষ এক পাশ বন্ধ রেখে বেশ কিছু দিন আগে থেকে শুরু করেছে। এ সংস্কারকাজ শেষ হতে এখনো এক মাস সময় লাগতে পারে। মহাসড়কের দুই পাশের মধ্যে এক পাশ এখনো শেষ হয়নি।
একটি সূত্র জানায়, সড়ক ও জনপথের সাথে স্থানীয় প্রশাসনের সমন্বয়হীনতার অভাবে এ যানজট প্রতিদিন লেগেই থাকে। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় সংস্কার কাজ করার সময় সাভার থেকে সিঅ্যান্ডবি হয়ে নবীনগর পর্যন্ত এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়। ঘণ্টার পর ঘণ্টা যাত্রীরা বাসে বসে থেকে অনেকে অসুস্থ হয়ে পড়েন। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে যেভাবে পদক্ষেপ নেয়া কথা ছিল সে পরিমাণ দেখা যায়নি। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সড়কের মেরামতকাজ অবশ্যই করবে; কিন্তু তাদের সাথে কাজ শুরু করার আগে কোনো আলাপ-আলোচনা না করে সংস্কারকাজ শুরু করলে কিছুটা সমস্যা হয়। এ যানজটে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি সাভারের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের তাদের কাস এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মডেল টেস্টসহ যাবতীয় পরীক্ষায় অংশ নিতে যথাসময়ে পৌঁছতে ব্যাঘাত ঘটছে।
সড়ক ও জনপথ (সওজ) কল্যাণপুর অফিসের উপবিভাগীয় প্রকৌশলী সামসুজ্জোহা জানান, সাভার থেকে নবীনগর পর্যন্ত আমাদের মেরামতের কাজ শেষ হতে এখনো এক মাস সময় লাগতে পারে। দুই পাশের মধ্যে এক পাশ শেষ হওয়ার পথে। অন্য পাশ এখনো শুরু হয়নি।
ট্রাফিক পুলিশের ইনচার্জ আবুল হোসেন নয়া দিগন্তকে জানান, এ সংস্কারকাজের ফলে প্রতিদিন মহাসড়কে যানজট লেগেই থাকে। সড়ক ও জনপথ (সওজ) প্রথমে দুই পাশ বন্ধ রেখেছিল। পরে আমরা এক পাশ বন্ধ রেখে অন্য পাশ দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিলে ওই অবস্থায় এখন মহাসড়কে সংস্কারের কাজ চলছে। এ জন্য আমরা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত তিনজন লোক দিয়েছি।




