Uncategorized

কোচদের নতুন ঠিকানা কুর্মিটোলা

সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন জাতীয় ক্রিকেট দলের বিদেশী কোচ ও স্টাফরা। তাই তাদের আবাসন পরিবর্তন করা হয়েছে।
গুলশানে হামলার পর ঢাকার সবচেয়ে নিরাপদ স্থানে আবাসনের ব্যবস্থা করার দাবি তুলেছিলেন হাথুরুসিংহে এবং অন্যান্য কোচ। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিসিবি তাদের সামনে দুটি সম্ভাব্য বিকল্প ব্যবস্থা তুলে ধরেছিলো।
এর একটি ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম বিসিবি একাডেমি ভবনের দোতলায় যে ডরমেটরি আছে সেখানে। দ্বিতীয়টি ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কুর্মিটোলা গলফ ক্লাবে। এই দুই বিকল্পের মধ্যে বিদেশী কোচিং স্টাফরা কুর্মিটোলা গলফ ক্লাবকেই সবচেয়ে নিরাপদ হিসেবে বেছে নিয়েছেন।
অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই বিদেশী কোচদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। বিদেশী কোচদের প্রত্যেকের জন্য একজন করে গানম্যান দেয়ার ব্যবস্থা করেছে বিসিবি। এছাড়াও তৈরি করা হচ্ছে বিসিবির নিজস্ব সশস্ত্র বাহিনী যারা কোচদের নিরাপত্তার কাজে সর্বদা নিয়োজিত থাকবে। সর্বশেষ পরিবর্তন করা হয়েছে হাথুরুসিংহেদের আবাসস্থলও।
এই কারণে বনানীর পুরনো বাসা ছেড়ে এখন থেকে কুর্মিটোলা গলফ ক্লাবেই থাকবেন চণ্ডিকা হাথুরুসিংহে, রিচার্ড হ্যালসেল এবং মারিও ভিল্লাভারায়ন। অবশ্য হালসেল এবং ভিল্লাভারায়ন ইতিমধ্যে কুর্মিটোলা গলফ ক্লাবে নতুন ঠিকানায় উঠে গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button