
প্রায় দেড়শো বছর পর এই প্রথম গ্রিসের রাজধানী এথেন্সে মসজিদ নির্মাণের অনুমতি দিয়েছে দেশটির পার্লামেন্ট। বেশ কয়েক যুগ ধরে রাজধানীতে বসবাস করে আসা লাখ লাখ মুসলমানের দাবীর পরিপ্রেক্ষিতে শহরটিতে বড় আকারে মসজিদ নির্মাণের অনুমোদন দিলো দেশটির সরকার।
সম্প্রতি গ্রীসের পার্লামেন্টে এই মসজিদ নির্মাণের দাবী উত্থাপন করা হলে অনেকের বিরোধিতার মুখেও শেষ পর্যন্ত ২৩০ আসনের পার্লামন্টে দুইশোর বেশি ভোট পেয়ে বিলটি পাস হয়। তবে পার্লামেন্টের ক্ষমতাসীন জোটের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট গ্রিকস পার্টি তুমুলভাবে এই বিলের বিরোধিতা করে। কিন্তু তাদের বিরোধিতা থাকলেও শেষ পর্যন্ত এথেন্স শহরে মসজিদ নির্মাণের অনুমতি দেয়া হয়।
সম্প্রতি দেশটির জেনারেল অ্যাকাউন্টিং অফিসের দেয়া তথ্য অনুযায়ী, এথেন্সের ইলায়োনাস এলাকায় বিশাল মসজিদ নির্মাণ করা হবে। যার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ লাখ ইউরো। এই নির্মাণ ব্যয়ের পুরোটাই সরকার বহন করবে বলে জানা গেছে।
গ্রিসে সরকারি ব্যয়ে যে মসজিদটি নির্মাণ করা হবে, ইতোমধ্যে তার একটি নকশাও প্রকাশ করা হয়েছে। এতে ৩৫০ জন মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করতে পারবেন। মসজিদ কমপ্লেক্সের মধ্যে পার্কিং এবং শিশুদের বিনোদনের ব্যবস্থাও রাখা হবে।




