শুরু করলেন মেহজাবিন চৌধুরী

গেল ঈদে সাতটি নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এরপর ঈদ উদযাপন ও পরিবারকে সময় দেয়া নিয়েই ব্যস্ত ছিলেন কয়েক দিন।
ঈদের পর আবার মেহজাবিন ঈদ নাটকের কাজ শুরু করেছেন। তবে এবারই প্রথম তিনি গুণী নির্মাতা চয়নিকা চৌধুরীর নির্দেশনায় নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘আরশি’. গল্প চয়নিকা চৌধুরীর। লিখেছেন শফিকুর রহমান শান্তুনু। রাজধানীর সোনারগাঁও হোটেলে নাটকটির শুটিং শুরু হয়েছে। এতে মেহজাবিন অভিনয় করছেন আরশি চরিত্রে।
ঈদের পর আবারো অভিনয়ে ফেরা এবং চয়নিকা চৌধুরীর নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘গেল ঈদে কাজের অনেক চাপ ছিল। যে কারণে ঈদ ছুটিটা ভালোভাবেই পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছি। বেশ লম্বা সময় বিরতি নিয়ে আবার কাজে ফিরলাম। এবারই পথম চয়নিকা দিদির নির্দেশনায় কাজ করছি। বেশ ভালো লাগছে। গল্পটা খুব চমৎকার।’
এতে মেহজাবিনের বিপরীতে অভিনয় করছেন আব্দুন নূর সজল। আসছে ঈদে আরটিভিতে প্রচার হবে ‘আরশি’ নাটকটি।
এ দিকে গেল ঈদে মেহজাবিন চৌধুরী অভিনীত সাতটি নাটকের মধ্যে যে দু’টি নাটকের জন্য মেহজাবিন সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন। তা হচ্ছে- আশফাক নিপুণের ‘ও রাঁধা ও কৃষ্ণ’ এবং ইমরাউল রাফাতের ‘ষড়ঋতু’. নাটক দু’টিতে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো ও আফজাল হোসেন। নয়া দিগন্ত




