
ভারতের বিহার রাজ্যে পরিবারের কোনও সদস্য মদ পান করলে পরিবারের সবাইকে (প্রাপ্তবয়স্ক) জেল খাটতে হবে। এমনই আইন পাশ করতে যাচ্ছে ভারতের বিহার রাজ্য সরকার। শনিবার রাজ্যের বিধানসভায় ‘বিহার মদ্য নিষেধ ও আবগারি বিল, ২০১৬’ পেশ করেছেন নীতীশ সরকার।
জানা যায়, এর প্রায় চারমাস আগে মদ্যপান বিরোধী বিল পাশ হয়েছিল। নতুন প্রস্তাব অনুযায়ী, পরিবারের কোনও সদস্য মদ পান করলে ওই পরিবারের প্রাপ্তবয়স্কদেরও সাজা ভোগ করতে হবে। রাজ্যের বিধায়করা বলছেন, আগামী সপ্তাহেই বিলটি নিয়ে আলোচনা হতে পারে। তবে একজনের অপরাধের জন্য আরেকজনকে শাস্তি দেয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে উঠেছে নানা প্রশ্ন।
নীতি নির্ধারকদের একজন লালুপ্রসাদ। তিনি বিষয়টি নিয়ে নীতীশ কুমারের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। এদিকে এই বিলের বিরোধিতা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবী। তিনি বলেন, ‘বাড়িতে কেউ মদ খেলে পরিবারের সকলকে গ্রেপ্তার। এটা কোন কথা নাকি।’ বিলটির বিরোধিতা করেছে বিজেপিও। বিজেপি নেতা সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী বলেছেন, ‘রামের অপরাধে শ্যামের শাস্তি!’
আলোচিত ওই বিলটিতে আরো বলা হয়েছে, ‘কোন ভাবে নেশার বিজ্ঞাপন দিলে বা সামাজিক মাধ্যমে প্রচার করলে পাঁচ বছরের জেল এবং দশ লক্ষ টাকার আর্থিক জরিমানা হতে পারে। নেশার দ্রব্য পাচার বা তৈরির করলে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।



