উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে কটিয়াদীতে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের রথ উৎসব

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে ১৫ই জুলাই সোমবার শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের ৫ শত বছরের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসব। এই উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতালে শ্রী শ্রী গোপীনাথ জীউর গুন্ডিচা বাগে সকাল থেকে জড়ো হতে থাকে হাজার হাজার সনাতনী ভক্ত। গত ৭ জুলাই শুরু হয়েছিল প্রথম পর্বের রথযাত্রা উৎসব। ১৫ জুলাই সোমবার উল্টো রথের মাধ্যমে শেষ হলো রথযাত্রা উৎসব। কিশোরগঞ্জ জেলার মধ্যে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগ বেতালই সবচেয়ে দূর পাল্লার সর্ববৃহৎ রথ উৎসব।
সনাতন ধর্মালম্বীদের দেবতা গোপীনাথ জীউর বিশেষ বাহনে (যা কাঠের তৈরি বিশাল বাহনে) করে বলরাম তার বোন সুভদ্রা কে নিয়ে গোপীনাথ জীউর গুন্ডিচাতে আসেন। ৯দিন পর অর্থাৎ ১৫ জুলাই সোমবার পুনরায় তারা গুন্ডিচা থেকে উল্টো রথে গোপীনাথ জীউর নিজ বাড়িতে আসেন। কথিত আছে যে, পুরীর জগন্নাথ দেবের রথের পরই বঙ্গের গোপীনাথ জীউর রথ উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের এই বিশ্বাস থেকেই কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতালে পালিত হয়ে আসছে রাজা নবরঙ্গ রায় ও ঈশা খাঁঁর স্মৃতি বিজড়িত ৫ শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী এই রথযাত্রা উৎসব। সকাল থেকেই মন্দিরের আশপাশ এলাকা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে। মন্দির ও তার আশপাশ এলাকায় বসে লোকজ মেলা, বিভিন্ন ধরনের ফলমূল সহ নানা জাতের পাখির মেলা। বিকেল ৩ টায় উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আচাঁর অনুষ্ঠান শেষে হিন্দু রমণীদের উলুধ্বনির মাধ্যমে উল্টো রথ যাত্রা শুরু হয়। পথিমধ্যে রথ সহ গোপীনাথ জীউ তার মাসির বাড়িতে কিছুক্ষণ অপেক্ষা করে প্রায় দুই কিলোমিটার গোপীনাথ জীউর নিজস্ব জায়গার উপর দিয়ে এসে নিজ বাড়িতে শেষ হয় উল্টো রথযাত্রার উৎসব।
এ উপলক্ষে স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।



