
ডাচ বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সভাপতি মো. খালেদ হাসান নিখোঁজ হয়েছেন। রোববার সকালে ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের পরিবার।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি মো. হাসান খালিদের পরিবারের বরাত দিয়ে বলেন, তার পরিবার জানিয়েছে, গতকাল শনিবার রাত থেকে মো. হাসান খালিদ নিখোঁজ রয়েছেন।
তিনি গতকাল ধানমন্ডির বাসা থেকে তার বসুন্ধরা আবাসিক এলাকার অফিসে গিয়েছিলেন। এরপর আর ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে বলে জানান তিনি।
নূরে আজম মিয়া আরো বলেন, ‘পুলিশ হাসানকে খুঁজে বের করার চেষ্টা করছে।’
আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালযে লেখাপড়া করা হাসান খালেদ কেমিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। গত ২৫ বছর ধরে তিনি আমদানি-রফতানি ও প্লাস্টিক পণ্যের ব্যবসায় জড়িত।
যাদের হাত ধরে ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গঠিত হয়, তাদের মধ্যে হাসান খালেদ অন্যতম। বাংলাদেশের সাথে নেদারল্যান্ডসের বাণিজ্যের উন্নয়নে ট্রেড ফ্যাসিলিয়েটর হিসেবেও তিনি কাজ করেছেন।




