ফরিদপুরে নাশকতা মামলায় বিএনপির ৪ নেতা কারাগারে

ফরিদপুর প্রতিনিধি : উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভের পর নিম্ন আদালতে স্থায়ী জামিন প্রার্থনার জন্য হাজির হওয়ার পর ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির চার নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আকবর আলী তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এই চারনেতা হলেন- সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: ফরিদুর রহমান ফরিদ, সহ-প্রচার সম্পাদক এজেডএম মুনির, বিএনপি নেতা মো: তৌহিদ খান ও উপজেলা ছাত্রদল নেতা মো: নাঈম মিয়া।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত নির্বাচনের আগে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন এই চার নেতা। বৃহস্পতিবার তারা স্থায়ী জামিন ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
জানা গেছে, গত দ্বাদশ জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের ঝুনাখালীর চালতাতলা নামক স্থানে নাশকতার অভিযোগে ওই মামলাটি দায়ের করা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন এটিকে একটি গায়েবি মামলা হিসেবে উল্লেখ করে চার নেতাকে কারাগারে পাঠানোর নিন্দা জানান।




