টরন্টো মাতালেন শাহানা কাজী

ঈদের পরই কানাডার টরন্টো শহরের হারশি সেন্টারে বড় ধরনের এক কনসার্ট অনুষ্ঠিত হয়। বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান ও আয়ুষ্মান খোরানার সাথে একই মঞ্চে গান করে শ্রোতাপ্রিয়তা পান কানাডায় বসবাসকারী গায়িকা শাহানা কাজী। তিনি বাংলাদেশী বংশোদ্ভূত কানাডার জনপ্রিয় গায়িকা।
এই কনসার্ট নিয়ে শাহানা কাজী বলেন, তিন দিন আগের কথা। এটি সত্যিই একটি গৌরবের ও সম্মানের বিষয় যে, আমাকে দিয়ে এই কনসার্টের শুভ সূচনা করা হয়। হারশি সেন্টার টরন্টোর একটি মর্যাদাপূর্ণ ভেনু এবং সেখানে বলিউডের এত বড়মাপের শিল্পীদের সাথে গান গাওয়াটা ছিল আমার জন্য স্মরণীয় ঘটনা। কারণ আমার জানা মতে, এর আগে কোনো বাঙালি সঙ্গীতশিল্পী টরন্টোতে সে সুযোগ পাননি। মঞ্চে আমার গাওয়া হিন্দি ও পাঞ্জাবি গানগুলো বেশ উপভোগ করেন সব শ্রোতা। এই কনসার্টের কথা আমার অনেক দিন মনে থাকবে।
এরই মধ্যে কণ্ঠশিল্পী শাহানা কাজীর অনুশোচনা গানটির ভিডিও নির্মিত হয়েছে। ঈদে ইউটিউব ও দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এর প্রচার শুরু হয়েছে। গত বছর কানাডার টরন্টো থেকে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম যার নাম ভালোবাসার কথা। তাতে কবির বকুলের লেখা ও সুরে ৯টি গান ছিল। শাহানা কাজী তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি আপলোড করার পর বেশ সাড়া পাচ্ছেন। তিনি বর্তমানে তার দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে কাজ করছেন।



