
দৃশ্যটা চার বছর আগের। দুই হাতে ইউনিয়ন জ্যাক। অসহায় মুখে একটা তার থেকে ঝুলে রয়েছেন লন্ডন শহরের তৎকালীন মেয়র। সে বারের অলিম্পিকে ব্রিটেন প্রথম স্বর্ণটা পাওয়ার পর অভিনব উচ্ছ্বাস দেখাতে গিয়ে বেজায় হেনস্থা হয়েছিলেন বরিস জনসন। এত বছর পরে ফের শিরোনামে সেই ‘জিপ ওয়্যার’ বিপর্যয়। বরিসও।
দিন কয়েক আগে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। ইচ্ছাপূরণ হয়নি। তবে বরিসকে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর পদে বসিয়েছেন নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে। তার পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। স্তম্ভিত চীন থেকে আমেরিকা।
দায়িত্ব নিয়েই মন্ত্রিসভায় বড় রদবদল করেছেন থেরেসা। চার মন্ত্রীকে সরিয়ে দিয়েছেন- মাইকেল গোভ, নিকি মর্গ্যান, অলিভার লেটউইন এবং জন উইটিংডেল। কানাঘুষো ছিল, নেপথ্যে কলকাঠি নেড়ে গোভই নাকি বরিসকে প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে সরে দাঁড়াতে বাধ্য করেন। কিন্তু সে সব চর্চা এখন অতীত। নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর নাম শুনেই বিতর্ক আর রসিকতা শুরু হয়েছে চারদিকে।
কী রকম? মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার ক্যামেরার সামনেই হাসি চাপতে পারেননি। সেই ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জার্মানিতে আবার হ্যাশট্যাগ দিয়ে তারে ঝোলা বরিসের ছবি পোস্ট করার হিড়িক শুরু হয়েছে।
চীনা ‘টুইটার’ যাকে বলা হয়, সেই ‘ওয়েইবো’তে একজন লিখেছেন, ‘‘ওকে দেখেই মনে হয় ব্রিটিশদের কেশসজ্জা নিয়ে কোনো ধারণাই নেই। হাস্যকর!’’ এমনকী মিস্টার বিনের সাথেও বরিসের তুলনা টানা হচ্ছে।
কিন্তু কেন? অনেকেই বলছেন, বিভিন্ন সময়ে বরিসের আচরণ ও মন্তব্যই তাকে হাসির খোরাক করে তুলেছে। যেমন, বারাক ওবামাকে তিনি বলেছিলেন ‘অর্ধেক-কেনিয়ান’. লিখেছিলেন, ‘‘ব্রিটিশ সাম্রাজ্য সম্পর্কে ওর বংশগত অনীহা রয়েছে।’’
হিলারি ক্লিন্টনের সাথে ‘লাস্যময়ী নার্স’-এর তুলনা টেনেছিলেন। তুরস্কের প্রেসিডেন্টকে নিয়ে মস্করা করে লিমেরিক লিখেছিলেন। রেহাই পাননি জর্জ ডব্লিউ বুশ, টনি ব্লেয়ার, আঙ্গেলা মের্কেলও।
পাশাপাশি রয়েছে কখনও তারে ঝোলা, কখনও বাচ্চাদের সাথে রাগবি খেলতে নেমে আছাড় খাওয়া। সব মিলিয়ে ব্রিটিশ কূটনীতিকরাও খানিক অবাক। টেরেসা অবশ্য কোনো ব্যাখ্যা দেননি।
তবে ভারতের সাথে বরিসের সম্পর্ক ‘মধুর’ হওয়ার সম্ভাবনা দেখছেন কেউ কেউ। কারণ, তার শাশুড়ি পাঞ্জাবি। বরিসও নিজেকে ‘ভারতের জামাই’ বলেন। এখন নরেন্দ্র মোদি সরকারের কাছে তিনি জামাই আদর পান কি না, সেটাই দেখার!



