রুহুল আমিন হত্যায় জড়িত সন্দেহে যুবক আটক

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি সাতপাড়ায় রুহুল আমিন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বাবুল মোল্লা নামে এক যুবককে পুলিশ আটক করেছে। বাবুল মোল্লার ও রুহুল আমিনের স্ত্রীর মোবাইল ফোন নাম্বার ট্রেকিং করে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার সূত্র রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওসি মোঃ মোজাম্মেল হক জানান, তদন্ত পূর্বক আইনী ব্যাবস্থা নেওয়া হবে ঘটনার সাথে জড়িত কেউ রেহাই পাবে না। গত ২০ ডিসেম্বর রুহুল আমিন (৪০)কে দূর্বৃত্তরা ধারালো অস্ত্রে খুন করার আলামত পাওয়া গেছে। ২১ ডিসেম্বর রুহুল আমিনের স্ত্রী মরিয়ম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ বাবুল মোল্লাকে আটক করলেও অন্য কয়েকজন আসামি নিয়ে স্থানীয় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এখানে জায়গীর গ্রামের জামাল তালুকদারকে ৩৮ বছর দেখিয়ে আসামি করা হয় কিন্তু তাঁর প্রকৃত বয়স (৬২) বছর বলে পারিবারিক সূত্র জানায়। এলাহি (৬৫) এমন কয়েকজনকে আসামি করা হয়েছে, যারা ঘটনার দিন এলাকায়ই ছিলেন না। সঠিক তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে এলাকাবাসী জোর দাবি করেছেন।




