
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনায় তিন সন্দেহভাজন যুবককে খুজছে পুলিশ। রেস্টুরেন্টে হামলার সময় ওই তিন যুবক গুলশানের ৭৯ ও ৭৮ নম্বর সড়কে ঘোরাফেরা করছিলেন।
রেস্টুরেন্টের আশেপাশের সড়কের একাধিক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা থেকে ওই তিন যুবকের সন্ধান পায় পুলিশ। প্যান্ট-শার্ট পরা ওই তিন যুবক এক সময় ইউনাইটেড হাসপাতালের দিকে যায়। এরপরই তাদের আর কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ।
ইতোমধ্যেই পুলিশ হলি আর্টিসান রেস্টুরেন্টের আশপাশের এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করেছে। এছাড়া গুলশানের প্রবেশ পথগুলোতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ওই তিন যুবকের বের হওয়ার পথ নির্ণয়ের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
তবে গুলশানের অধিকাংশ সড়কের মোড়ে সিসি ক্যামেরা না থাকায় ওই তিন যুবকসহ সন্ত্রাসীরা কোন পথ দিয়ে গুলশানে প্রবেশ করেছে তা বের করতে পারছেন না মামলার তদন্ত কর্মকর্তারা।
এছাড়া হামলায় হলি আর্টিসান রেস্টুরেন্টের অনেকগুলো সিসি ক্যামেরা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলোর কোনো ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।
রেস্টুরেন্টের আশেপাশে ঘোরাফেরা করা ওই তিন যুবক হামলাকারীদের সহযোগী ছিলো বলে পুলিশের ধারণা। পুলিশের মতে, তারা রেস্টুরেন্টের বাইরে থেকে পুরো ঘটনাটি তদারক করছিলেন।




