শিরোনামশীর্ষ সংবাদ

জঙ্গিবাদ নির্মূলে সরকার অতি কঠোর অবস্থান নেবে-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তাঁর সরকার এই দানবকে নির্মূল করতে অতি কঠোর ব্যবস্থা নেবে।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ নির্মূলে প্রয়োজনে আমরা অতি কঠোর অবস্থান নেবো। আমাদের অবশ্যই প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য দানবদের বিরুদ্ধেও লড়াই করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার তাঁর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর পর্যালোচনাকালে জঙ্গি দমনে সরকারের কঠোরতর অবস্থান গ্রহণের কথা উল্লেখ করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা বলেন, তিনি জনগণের আস্থার সঙ্গে জনগণের সাথে থেকে কাজ করে যাচ্ছেন। এ জন্য সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ ছড়িয়ে মুক্তিযোদ্ধাদের চেতনা ধ্বংস করা যাবে না এবং যুদ্ধাপরাধীদের বিচারও বন্ধ করা যাবে না। কারণ, জনগণ সবসময় এই দুই দানবের বিরুদ্ধে রয়েছে।
প্রধানমন্ত্রী দেশের মানুষকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ব্যাপারে সব সময় সজাগ থাকার আহবান জানান। তিনি বলেন, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সম্পর্কে আমাদের জনগণকে সতর্ক করতে হবে এবং সামাজিক এই দুষ্কর্মকে মোকাবেলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কমিটি গঠনের আহবান জানিয়ে বলেন,এই অপরাধীদের বিরুদ্ধে মসজিদ থেকে নিয়মিতভাবে বক্তব্য দিতে হবে।
গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,বহু দেশে এখন এ ধরনের হামলা হচ্ছে। এটা এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে।
এ প্রসঙ্গে তিনি ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম, জাপান, ভারত ও অন্যান্য দেশে জঙ্গি হামলা সংঘটনের কথা উল্লেখ করেন।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button