সোনাগাজীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে প্রথম দিনে সোনাগাজী পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টায় সোনগাজী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ শেষ হয়।
জানা যায়, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়ার নেতৃত্বে পৌর যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রায় শতাধিক নেতাকর্মী অবরোধে সমর্থনে পৌর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। অবরোধ পালন এবং অবৈধ তপসিল মানিনা মানবো না বলে নেতাকর্মীরা বিক্ষোভ শ্লোগান দিতে থাকেন। পরবর্তীতে পুলিশ সড়কে অবস্থান নিলে নেতাকর্মীরা সরে যান।
যুবদল নেতা খুরশিদ আলম ভূঁইয়া নয়া দিগন্তকে জানান, গ্রেফতার এড়াতে নেতাকর্মীরা বাহিরে থাকলেও তারেক জিয়ার নির্দেশে এবং আমাদের নেতা মিন্টু ভাইয়ের নেতৃত্বে আমরা আবারো ঘুরে দাঁড়িয়ে অবৈধ তফসিলের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। জেল-জুলুম আর পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারবে না।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্র ঘোষিত ঢাকা মহাসমাবেশ নেতাকর্মীদের যোগদানের পর থেকে সারাদেশের ন্যায় ফেনীর সোনাগাজীতেও নেতাকর্মীদের গ্রেফতারে প্রশাসনের চিরুনি অভিযান পরিচালিত হয়। এতে পুলিশ অজ্ঞাত শতাধিক আসামি করে দু’টি মামলা করা হয়। এতে প্রায় অর্ধশত নেতাকর্মী গ্রেফতার হয়। তখন থেকে উপজেলায় নেতাকর্মীরা গ্রেফতার এড়াতে মাঠে- ঘাটে, বনে-জঙ্গলে, আত্মগোপনে চলে যায়।




