sliderজাতীয়শিরোনাম

প্রধানমন্ত্রী রোমে পৌঁছেছেন

জাতিসঙ্ঘের মহাসচিবের আমন্ত্রণে খাদ্য সম্মেলনে যোগ দিতে রোববার (২৩ জুলাই) রোমে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৪ জুলাই) ইতালির রাজধানী রোমে তিন দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন শুরু হবে।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা থেকে যাত্রা করেন।

স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ৫টা ৪০মিনিটে) এটি রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটটি এর আগে ভোর ৫টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ‘সাসটেইনেবল ফুড সিস্টেমস ফর পিপল, প্লানেট অ্যান্ড প্রোসপারেটি : ডাইভার্স পাথওয়েজ ইন আ শেয়ারড জার্নি’- এই প্রতিপাদ্য নিয়ে জাতিসঙ্ঘের খাদ্য ব্যবস্থাপনা+২ স্টকটেকিং মোমেন্ট (ইউএনএফএসএস+২) শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

ইতালিতে অবস্থানকালে শেখ হাসিনা মঙ্গলবার (২৫ জুলাই) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন।

তার সাথে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, অন্যদের মধ্যে জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

এরপর তিনি জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দফতরে খাদ্য ব্যবস্থা ও জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ডের উপর একটি পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন।

এফএও মহাপরিচালক কু ডংইউ এবং ইন্টারন্যাশনাল ফান্ড অব এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) প্রেসিডেন্ট আলভারো লারিওর সাথে আলাদাভাবে বৈঠক করবেন।

এরপর প্রধানমন্ত্রী এফএও সদর দফতরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং একই দিনে এফএও মহাপরিচালকের রিসেপশনে যোগ দেবেন।

তার সফরে দুই দেশের মধ্যে ‘জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা’ এবং ‘সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি’ বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার আশা করা হচ্ছে।

এ ছাড়া, হাসিনা একটি আঞ্চলিক দূত সম্মেলনে যোগ দেবেন। এটি ইউরোপে অবস্থানরত ১৫ বাংলাদেশী রাষ্ট্রদূতের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

তিনি মঙ্গলবার (২৫ জুলাই) একটি কমিউনিটি ইভেন্টে যোগ দেবেন।

আগামী বুধবার (২৬ জুলাই) সফর শেষে শেখ হাসিনা রোম ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button