বোয়ালমারী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদকসহ আটক ৩

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির নেতাসহ তিনজনকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। শুক্রবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শামচুদ্দিন মিয়া ঝুনু (৫৬), উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. জাকারিয়া মোল্যা সুমন (২৮) ও পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো.পাপ্পু শেখ (২০)। ছাত্রদলের দুই নেতাকে বিস্ফোরক ও নাশকতার মামলায় শনিবার (২২ জুলাই) আদালতে চালান করেছে পুলিশ। শামচুদ্দিন ঝুনু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।
নারী ও প্রতিবন্ধীদের জন্য তৈরি করা একটা রুমে বসে থাকা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শামচুদ্দিন মিয়া বলেন, গত রাতে ১২টার দিকে ঘুমিয়েছি। রাত ২টার দিকে পুলিশ গিয়ে বলছে, আপনাকে ওসি সাহেব দেখা করতে বলেছেন। এ কথা বলে থানায় নিয়ে আসে। কেন আমাকে আটক করেছে সে বিষয়ে আমি
কিছু জানিনা।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, সামনে বিএনপির সভা সমাবেশ আছে। সে উপলক্ষ্যে যাতে মিছিল মিটিং করে আইন শৃংখলার অবনতি ঘটাতে না পারে সে জন্য তাদের আটক করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল নেতা পাপ্পু ও সুমনের নামে মামলা থাকায় তাদের আদালতে চালান করা
হয়েছে। শামচুদ্দিন ঝুনু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।
জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর পাওয়া গেলে মুচলেকায় তাঁকে ছেড়ে দেওয়া হবে।




