ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর, আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাসির উদ্দীন (২৫) নামের এক যুবককে তাৎক্ষণিকভাবে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ জুলাই) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় ওই যুবক। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মামুনুর রশিদ গুরুতর এবং নৈশ্য প্রহরী হরকান্ত বর্মণ সামান্য আহত হয়েছেন।
আটককৃত নাসির উদ্দীন হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের সীমান্তবর্তী মারাধার গ্রামের মরহুম আব্দুল লতিফের ছেলে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
জানা গেছে, সকালের দিকে জেলা প্রশাসক ভবনের তালা ভেঙে তিনি (নাসির) উপরে উঠে। এরপর রাজ মিস্ত্রীর কাজে ব্যবহৃত একটি বেলচা দিয়ে প্রায় ৩১টি জানালার থাই গ্লাসসহ অদম্য মুজিব কর্নারের সকল গ্লাস ও দরজা ভাঙচুর করে। অনেক শব্দ পেয়ে জেলা প্রশাসকের প্রহরী হরকান্ত বর্মণ এগিয়ে গেলে তাকেও মারার চেষ্টা করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন। এ সময় তাকে বাঁধা দিতে গেলে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মামুনুর রশিদকে বেলচা দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে পুলিশ তাকে আটক করে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, সরকারি গুরুত্বপূর্ণ অফিস ভাঙচুর করা হয়েছে যা খুবই জঘন্য কাজ। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সেই সাথে ক্লোজড সার্কিট টেলিভিশনে (সিসিটিভি) পুরো ঘটনা দেখে প্রকৃত ঘটনা জানা যাবে বলে মনে করছি।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তবে অভিযুক্তের প্রতিবেশী ইয়াসিন আলী বলেন, মাদরাসাতে পড়ালেখা করেন তিনি, বেশ কিছুদিন থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছেন।



