slider

হরিরামপুরে পদ্মায় ৪৭ গরু নিয়ে ট্রলারডুবি

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ৪৭টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এর মধ্যে সাঁতরে পার হওয়া ১৯টি গরু উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। তবে কোনো মানুষ নিখোঁজ হয়নি।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে ৪৮টি গরু নিয়ে একটি ট্রলার নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। কোরবানির এসব গরু বিক্রি করতে ১৫ জন ব্যবসায়ী যমুনা ও পদ্মা নদী দিয়ে ওই ট্রলারে করে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হরিরামপুর উপজেলার সূত্রকান্দি এলাকায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারটি ডুবে যায়। এতে গরু ব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ গরু নদীতে ডুবে যায়।

ট্রলারের মালিক মো: ফারুক বলেন, ‘নৌকায় ৪৭টি গরু ছিল। নৌকার সামনের দিক থেকে সরাসরি ডুবে গেছে, কাত হয়নি। ট্রলারের নিচে ফেটে গিয়ে থাকতে পারে। কীভাবে যে কী হয়ে গেল!’

গরু ব্যবসায়ীদের মধ্যে একজন চৌহালী উপজেলার মুরাদপুরের মো. নূরুল ইসলাম। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি বলেন, খামারিদের কাছ থেকে ৪৮টি গরু কিনে তাঁরা ১৫ জন ব্যবসায়ী বিক্রির জন্য ট্রলারে করে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। তাঁর ছিল তিনটি গরু। পানি বাড়ায় নদীতে তীব্র স্রোতের কারণে ট্রলারটি ডুবে গেছে। ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। বাকিগুলো নদীতে ডুবে গেছে।

খামারি লাল মিয়া বলেন, ‘আমার দুইটা গরু ছিল, একটাও উদ্ধার করতে পারিনি। আমি পথের ফকির হয়ে গেলাম।’

আবদুল্লাহ জানান, তিনি চারটি গরু নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। একটি গরুর বাঁধন কেটে দিতে পারায় সেটিকে উদ্ধার করা গেছে। বাকি তিনটি উদ্ধার হয়নি।

অন্য খামারিদের মধ্যে বজলু নামের একজনের তিনটি গরুর মধ্যে একটি উদ্ধার করতে পেরেছেন, জমির উদ্দীন তাঁর আটটি গরুর একটিও উদ্ধার করতে পারেননি, উজ্জ্বল মুনসীর দুটি গরুর একটি উদ্ধার হয়েছে, খালেক ব্যাপারীর ৯টি গরুর মধ্যে দুটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবে বাহাদুরপুর এলাকায়
একটি গরু উদ্ধার হলেও স্থানীয়রা সেটি ফেরত দেয়নি বলে অভিযোগ খামারিদের।

খবর পেয়ে ঘটনাস্থলের পাশে নদীর তীরে যান স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী বনি ইসলাম। তিনি বলেন, ট্রলারে রশি দিয়ে বেঁধে গরুগুলোকে নারায়ণগঞ্জে কোরবানি হাটে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। ট্রলারডুবির সময় ১৭টি গরুর রশি কেটে দেওয়া সম্ভব হয়েছে। গরুগুলোকে নিয়ে ব্যবসায়ীরা তীরে ভিড়েছেন। দুপুর ১২টা পর্যন্ত ট্রলারসহ ৩১টি গরু নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
ট্রলার ডুবির খবর পেয়ে পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন পদ্মা নদীর তীরে ছুটে এসেছেন।

এ ঘটনায় ব্যবসায়ীদের কেউ হতাহত হননি জানিয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ট্রলারের নিচে ফুটো হয়ে গরুসহ সেটি নদীতে ডুবে যায়, ১৯টি গরু উদ্ধার করা গেছে। বাকি গরুগুলো উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button