সিংড়ায় দলীয় নেতাকর্মীদের মারধর, ইউপি চেয়ারম্যান কারাগারে

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় নিজ দলের নেতাকর্মীদের মারধর মামলায় উপজেলা আ’লীগের সদস্য ও কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনুসহ ৩জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১২ জুন) দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলম জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠান।অপর দুজন হলেন চেয়ারম্যানের সমর্থক রমিজুল করিম ও মো. আলম।
জানাযায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন। একই পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন মইনুল হক চুনু। এরপর থেকে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।
গত ঈদুল ফিতরের দিন (২২ এপ্রিল) সন্ধ্যার পরে নাছির উদ্দিনের সমর্থক ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক বাবলু দলীয় কর্মীদের নিয়ে বাজারে বসে ছিলেন। এসময় চেয়ারম্যান ও তার অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। আওয়ামীলীগ নেতা এমদাদুল হক বাবলু, ব্যবসায়ী আসাদুজ্জামান ভুট্টু এবং কলেজ শিক্ষক মো. কাজলকে কুপিয়ে জখম করা হয়। তাদের রক্ষা করতে এলে আরও তিন জনকে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় আহত বাবলুর ভাই এনামুল হক জগলু বাদী হয়ে সিংড়া থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী করা হয় কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মইনুল হক চুনুকে। তিনি ছাড়াও ২১ জনকে এ মামলার আসামী করা হয়।




