খেলা

ভিসা পেয়ে গেছেন:লর্ডসে খেলবেন আমির

লর্ডসেই ক্যারিয়ারের সবচেয়ে অন্ধকারময় জায়গায় পা রেখেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের এই পেসার পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফিরছেন আবার সেই লর্ডসেই! ইংল্যান্ড সফরের ভিসা পেয়ে গেছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আমিরের ইংল্যান্ড সফর নিয়ে আর কোনো সমস্যা নেই। ব্রিটিশ সরকার তার ভিসার আবেদন গ্রহণ করেছে। ফলে ১৮ জুন দলের সঙ্গে ইংল্যান্ডের বিমানে উঠতে আমিরের সামনে আর কোনো বাধা থাকলো না।

২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন আমির। পরে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে রঙিন জার্সিতে পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা হয়েছে তার। এখন সময় টেস্টে ফেরার।

মে মাসের ২০ তারিখে আমিরের ভিসার আবেদন করেছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাতে ব্রিটিশ সরকার সাড়া দিবে কিনা এ নিয়ে সংশয় ছিলো। সেই সংশয়টা কেটে যাওয়ায় খুশি পাকিস্তান ক্রিকেট।

এ দিকে আমির আবার পাকিস্তান দলে খেললে ইংল্যান্ড মিডিয়া সমালোচনা হতে পারে বলে ধরে নেয়া হচ্ছে। যদিও ইংলিশ ক্রিকেটারদের এ নিয়ে কোনো আপত্তি নেই। ইংলিশ অধিনায়ক সম্প্রতি আমিরের ফেরা নিয়ে বলেন, ‘আমির তার শাস্তি ভোগ করেছে। সুতরাং তার বিপক্ষে খেলতে আমাদের কোনো সমস্যা নেই।’

লর্ডসে ক্রিকেট ময়দান থেকে অন্ধকারে হারিয়ে যাওয়া আমিরকে পারবেন নিজের টেস্ট ক্যারিয়ারে পুরোনো আলো ফিরিয়ে আনতে। আবার লর্ডসের ডাকে কিভাবে সাড়া দিবেন এই আলোচিত ক্রিকেটার?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button