slider

মানিকগঞ্জে গণচুরির রহস্য উদঘাটন

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : সাত দিনের মধ্যে মানিকগঞ্জে গণচুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। চোর চক্রের চার সদস্যের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ টাকা ও অন্যান্য মালামাল। গণচুরির রহস্য উদঘাটন ও আন্তঃজেলা চোর গ্রেফতার নিয়ে বৃহস্পতিবার সদর থানায় এক প্রেস ব্রিফিং করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান।

এর আগে গত ২৬ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এক রাতে ১৫টি দোকানে চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ১০টি দোকানের নগদ অর্থসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। চুরির ঘটনায় মা জেনারেল স্টোরের মালিক মো. হাবিবুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান বলেন, এই গণচুরিতে অংশ নেয় চার যুবক। যাদের সবার বিরুদ্ধেই একাধিক চুরির মামলা রয়েছে। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। চোর চক্রের চার সদস্যের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলার কেরানীগঞ্জের কলাতিয়া এলাকা থেকে বুধবার
মধ্যরাতে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশের একটি দল। শহরের বিভিন্ন সিসি ক্যামেরা ও তথ্য প্রযুক্তির সহায়তায় এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সিলেটের গোপালগঞ্জ থানার ভাদেশ্বর এলাকার চুনু মিয়ার ছেলে মো. তানভীর হোসেন ইসলাম (২৩) ও হবিগঞ্জের লাখাই থানার বাধিগিরা এলাকার মো. আছই মিয়ার ছেলে মো. মোস্তফা মিয়া (২২)। গ্রেফতারকৃতদের কাছ থেকে দোকান চুরির ৬০ হাজার টাকা, চোরাই সিগারেট ও মোবাইলের সিম কার্ড
উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতেই তাদের গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইমতিয়াজ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান ও সদর থানার অফিসার ইনচার্জ আ. রউফ সরকার উপস্থিত ছিলেন।

চাঞ্চল্যকর চুরির মামলা প্রসঙ্গে সদর থানার ওসি আ. রউফ সরকার বলেন, আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা চুরির আগে ঘটনাস্থলগুলো দেখে যায়। পরে রাতে দোকানের শাটারগুলোতে লোহার রড এবং বাঁশ দিয়ে কৌশলে উঁচা করে দোকানের ভিতরে প্রবেশ করে চুরি করে। তারা মানিকগঞ্জসহ আশপাশ
জেলার বিভিন্ন এলাকায় একই কৌশলে দোকানে দোকানে চুরি করে আসছিল। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে গণচুরির মূলহোতা আন্তঃজেলা চোরচক্রের সদস্য হাসান এবং রিপনকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি জানান।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এক রাতে ১৫টি দোকানে চোরের হানা দেয়। এর মধ্যে ১০টি দোকানের নগদ অর্থসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। চুরির ঘটনায় মা জেনারেল স্টোরের মালিক মো.হাবিবুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button