নিয়ামতপুরে সার বীজ মনিটরিং কমিটির সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সার ও বীজ মনিটরিং কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মনিটরিং কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, মেসার্স রেজাউল হাসানের স্বত্ত্বাধিকারী সার ও বীজ ডিলার রেজাউল হাসান রানা, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিউল হক । এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সকল বিসিআইসি ডিলারগণ।
সভায় জানানো হয়, ইউরিয়া সার প্রতি বস্তা ১৩৫০শ টাকা ও খুচরা ২৭ টাকা কেজি দরে বিক্রি করতে হবে।
এছাড়া টিএসপি প্রতি বস্তা ১ হাজার ৩শ ৫০ টাকা ও খুচরা ২৭ টাকা কেজি দরে, পটাশ প্রতি বস্তা ১ হাজার টাকা ও খুচরা ২০ টাকা কেজি দরে এবং ডিএপি প্রতি বস্তা ১০৫০শ টাকা ও খুচরা ২১ টাকা কেজি দরে ডিলারদের বিক্রি করতে হবে।
প্রধান অতিথি আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল তার বক্তব্যে বলেন, আপনারা যারা সার ব্যবসায়ী, কোন কৃষককের কাছ থেকে বেশি দাম নিবেন না। যদি বেশি দাম নেন তা হলে কোন প্রকার ছাড় পাবেন না। বেশি দামে সার বিক্রয় করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে দেয়া হবে না।
যারা কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রয় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। মনিটরিং সভায় উপস্থিত অতিথিরা বলেন, স্টক রেজিষ্টার মেইনটেইন, দোকানের সামনে সারের মূল্য তালিকা, ক্যাশ মেমোতে গ্রাহকের নাম ও মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক করলে ভালো হয়।
উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান বলেন, উপজেলায় বিসিআইসি ও বিএডিসি ডিলার আছেন ১১ জন করে মোট ১৯ জন। প্রতিটি সারের দোকানের সামনে সরকার নির্ধারিত মূল্য লিখে টাঙাতে হবে।
তিনি আরো বলেন, কোন অবস্থাতেই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেয়া যাবে না। যদি কেউ বেশি নেয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার ডিলারশীপ বাতিল করা হবে। এছাড়া ডিলারদের তাদের নির্দিষ্ট স্থানেই বিক্রয় করতে হবে।




