আর্জেন্টিনার শিরোপা খরা ঘোচাতে চাই-মেসি

ইঞ্জুরির কারণে প্রথম ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামবে দল। প্রতিপক্ষ হিসেবে রয়েছে এমন একদল যাদের কাছে হেরে গত আসরে শিরোপা হাতছাড়া হয়েছে। এমনই এক মুহুর্তে লিওনেল মেসি জানালেন কোপা আমেরিকা নিয়ে তার অনুভূতির কথা। বলেছেন, আর্জেন্টিনার দীর্ঘদিনের শিরোপা খরা ঘোচাতে এই টুর্নামেন্টকেই পাখির চোখ করছেন তিনি।
দীর্ঘ ২২ বছরে বড় কোনো শিরোপা জিতেনি আর্জেন্টিনা। এটা নিয়ে ভক্তদের দুঃখের শেষ নেই। তার চেয়েও বড় কথা, পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির জিততে পারেননি কোন বিশ্ব আসরের শিরোপা। তাই যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকার শিরোপায় চোখ রাখছেন মেসি।
১৯৯৩ সাল থেকে চলে আসা শিরোপা খরা ঘোচানোর ঘোষণা দিয়ে আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘আর্জেন্টিনা ২২ বছর ধরে বড় কোনো শিরোপা জিতেনি। এই গ্লানি আমরাও বহন করছি। এর সমাপ্তি চাই। তাই এবারের কোপা আমেরিকা আমার জন্য বিশেষ একটি টুর্নামেন্ট। গত বছর ফাইনালে (চিলির কাছে) আমরা হেরে গিয়েছিলাম। যে কারণে আর্জেন্টিনার জন্য এটা জিততে চাই।’
বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮ টায় চিলির বিপক্ষে দলের প্রথম ম্যাচে খেলতে পারছেন না তিনি। তার পরিবর্তে খেলার কথা রয়েছে গাইতানের। তবে পরের ম্যাচে তাকে দলে পাওয়ার আসা করছেন আর্জেন্টাইন কর্মকর্তারা।




