ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, দু’জনকে ১০ লাখ টাকা অর্থদন্ড

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’জনকে ১০লাখ টাকা জরিমানা ও ১ বছর করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের সুগন্ধা নদীতে এ অভিযান পরিচালনা করেন ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম উপস্থিত ছিলেন।
দন্ড প্রাপ্তরা হলেন, বরিশাল শহরের সিএন্ডবি পুল এলাকার মৃত আবদুল হামিদ বেপারীর ছেলে আব্দুল হালিম বেপারী। তাকে ১ বছরের কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড এবং বরিশাল সদর উপজেলার চরমোনাই’র চরহোগলা এলাকার সামসুল আলমের ছেলে মাসুম খানকে ৬ মাস কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের কারাদন্ড প্রদান করা হয়। এ সময় এক লাখ সিএফটি বালু জব্দ করা হয়।
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, তারা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে খবর পেয়ে অভিযান পরিচালনা করি। মগড় ইউনিয়নের সুগন্ধা নদীতে তাদের বালু উত্তোলন অবস্থায় পাওয়া যায়। তাই বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা
আইন অনুযায়ী তাদের ২ জনকে মোট ১০ লাখ টাকা জরিমানা ও পৃথক মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে ।




