ঘিওরে সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়

আব্দুর রাজ্জাক,ঘিওর, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা-নারচি সড়কটি দীর্ঘ ২৫ বছর পর আবারো সচল হতে যাচ্ছে। ১৯৯৮ সালের বন্যায় সড়কটির দেড় কিলোমিটার নদীতে বিলীন হয়ে যাওয়ায় বিপাকে ছিল ঘিওর-দৌলতপুর উপজেলার ৬টি ইউনিয়নের ৭৭টি গ্রামের লক্ষাধিক মানুষ। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ সমন্বিত উদ্যোগে নির্মিত হচ্ছে ক্ষতিগ্রস্থ সড়কটি।
মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মো: তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম মিন্টু, সাধারন সম্পাদক হামিদুর রহমান আলাই, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ প্রমুখ।
সাংসদ দূর্জয় বলেন বিশেষ বরাদ্দের কাবিখা ২য় পর্যায়ের প্রকল্প ও ঘিওর ইউনিয়ন পরিষদের অর্থায়নে প্রায় ৭ লাখ টাকা দিয়ে প্রাথমিক রাস্তার কাজ শুরু হয়। এরপর পানি উন্নয়ন বোর্ড রাস্তার পাড় রক্ষায় জিও ব্যাগ ও অন্যান্য সামগ্রী দিয়ে রক্ষানাবেক্ষনের কাজ করবে। এই কাজ শেষ হওয়ার পর এলজিইডি রাস্তা পাকাকরণের কাজ সমাপ্ত করবে।



