slider

সিংড়ায় আহত পাখি নিয়ে হাসপাতালে পরিবেশ কর্মীরা দুই শিকারির অর্থদন্ড

নাটোর প্রতিনিধি : সিংড়ার চলনবিলে কারেন্ট জালের ফাঁদ পেতে পাখি শিকারের সময় হাতে-নাতে আটক করে মহেশচন্দ্রপুর গ্রামের ইসলাম সরদার (৪৫) ও সাইফুল ইসলাম (৪২) নামের দুই পাখি শিকারিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ হাজার টাকা অর্থদন্ড করেছেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান। মঙ্গলবার রাত ৯টায় চলনবিলের বাইকোলা বিলে অভিযান চালিয়ে তাদের আটক করেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এসময় দেশীয় প্রজাতি ও অতিথি ৪টি পাখি উদ্ধার ও দেড় হাজার মিটার কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। আর আহত পাখিগুলোকে বুধবার সকালে চিকিৎসা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডাঃ কে.এম ইফতেখারুল ইসলাম।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শীতের শুরুতে বিলের অল্প পানিতে মাছের সাথে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠে চলনবিল। আর এক শ্রেণির পাখি শিকারিরা বিভিন্ন ফাঁদ পেতে বিলের বিভিন্ন পয়েন্টে পাখি শিকারের নেমে পড়ে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইকোলা বিলে প্রায় ৪ কিলোমিটার কাঁদা-পানি মাড়িয়ে দুই পাখি শিকারিকে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে ৪ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান। স্থানীয় মহেশচন্দ্রপুর বাজারে জব্দকৃত ফাঁদ ধ্বংস ও পাখি শিকার বন্ধে প্রচারণা চালানো হয়। রাতের এই দুঃসাহসিক অভিযানে অংশ গ্রহণ করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, পরিবেশ কর্মী হাসিবুল হাসান, হাবিব প্রামাণিক প্রমূখ।
সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, চলনবিলের পাখি ও প্রকৃতি বাঁচাতে ২০১২ সাল থেকে রাত-দিন বিলের দুর্গম এলাকায় প্রতিনিয়তই ছুটে চলেছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে সব সময় তাদের সহযোগিতা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button