আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মার্কেটে হামলা, আহত ১০

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মার্কেটে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এতে জামগড়া চৌরাস্তায় অবস্থিত তৃতীয় তলা বিশিষ্ট আদর্শ কাঁচা বাজার নামের ওই মার্কেটের ব্যবসায়ীরা আহত হয়েছেন । দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মার্কেট মালিক বকুল ভুইয়া ও তার ছেলের সাথে পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে সুমন মীর ও তার সহযোগীরা লাঠি সোটা, লোহার রড, রামদা, চাকুসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আদর্শ কাঁচা বাজার মার্কেটে প্রবেশ করে এবং কোন কিছু বুঝে ওঠার পূর্বেই নিরীহ ব্যবসায়ীদের এলোপাথাড়ি মারপিট শুরু করে।
প্রথমে মার্কেটের ভাড়াটিয়া সোহেল কে মারধর করে দ্বিতীয় তলার ভাড়াটিয়া জাহান ডেন্টাল কেয়ারের থাইগ্লাস চেয়ার এসি ও সাইনবোর্ড ভাঙচুর করে। এছাড়া মার্কেটে অবস্থিত আশরাফুল ইসলাম নিলয়ের আল্লাহর দান হোটেলের থাই গ্লাস ও ছয়টি গ্লাস টেবিল ভাঙচুর করে । হামলার ঘটনায় আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা । এসময় সুমন মীর নিজেই আল্লাহর দান হোটেলের ক্যাশ বাক্স থেকে নগদ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর সুমন মীর ও তার সহযোগীরা মুন্না সুতা ঘরের শাটার কুপিয়ে শোকেস ভাঙচুর করার সময় মার্কেট মালিকের চাচাতো ভাই মারুফ সন্ত্রাসীদের বাধা দিলে তাকে কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনায় গতকাল রাতে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে অভিযুক্ত সুমন মীরের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, হামলার ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




