সিংড়ায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে যুবদল নেতার পা ভেঙ্গে ফেলার অভিযোগ

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সমাবেশে যাওয়ার পথে যুবদলের নেতা টিপু সুলতানকে (৩৪)কে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে । আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে সিংড়া উপজেলার জামতলী হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত টিপু সুলতান উপজেলার চৌগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বড়িয়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিংড়া উপজেলা বিএনপি ও যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু জানান, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি; ভোলায় দুই নেতাকে হত্যার প্রতিবাদে উপজেলা বিএনপি মঙ্গলবার বেলা ১১টার স্থানীয় কোর্ট মাঠে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। দলীয় কর্মসূচিতে অংশ নিতে টিপু সুলতান সকালে বাড়ি থেকে বের হয়ে জামতলী বাজারে আসামাত্র আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতাকর্মী তাকে বেধড়ক মারধর করা শুরু করে । এ সময় রড দিয়ে পিটিয়ে তাঁর বাঁ পা ভেঙে ফেলা হয়। লোকমুখে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ জানান, বিএনপির আজকের কর্মসূচি পন্ড করার জন্য সকাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোড়ে মোড়ে অবস্থান নেয় এবং আমাদের নেতা-কর্মীদের সিংড়ার সমাবেশে যেতে বাধা দেয় । যুবদল নেতা টিপুকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। চৌগ্রাম বাস টার্মিনালে রাস্তার ওপর দাঁড়িয়ে গাড়ি ও মোটরসাইকেল চেকিং করে এবং হুমকি ধামকি দিয়ে ভীতিকর পরিবেশ তৈরী করে।
এ বিষয়ে বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ভোলা ইসলাম জানান, আমাদের আওয়ামী লীগের সব নেতা-কর্মী সিংড়া বাস স্ট্যান্ডে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে ছিল। যুবদলের নেতাকে কে বা কারা মেরেছেন, সেটা তিনি জানেন না।
সিংড়ার পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক জান্নাতুল ফেরদৌস জানান, আমরা বিএনপি-জামায়াতকে সিংড়ায় কোন প্রকার নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে দেয়া হবে না। শোকের মাসে বিএনপি-জামায়াতকে কোনো কর্মসূচি করতে দেব না। কেউ করতে এলে তা প্রতিহত করা হবে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, জামতলী হাট এলাকায় এক ছেলেকে মারপিট করার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল । এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


