ধামরাইয়ে আগুনে পুড়ল ১২ ঘর ৪০ লাখ টাকার ক্ষতি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে মুদি ব্যবসায়ী আব্দুস সবুরের ভাড়া দেওয়া কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৫টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একটি টেইলার্সের দোকানসহ কলোনির ১২টি ঘর পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কলোনির মালিক আব্দুস সবুর জানিয়েছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে মুদি ব্যবসায়ী আব্দুস সবুরের মালিকানাধীন ভাড়া দেওয়া কলোনির একটি ঘর থেকে হঠাৎ বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত শুরু হয়। এসময় একটি টেইলার্সের দোকানসহ কলোনির ১২টি ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে দোকানসহ কলোনির ১২টি ঘর ও নগদ ৩ লাখ টাকা পুড়ে যায়।
কলোনির মালিক আব্দুস সবুর জানিয়েছেন, ঘরগুলোতে বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক ও কয়েকজন ব্যবসায়ী পরিবার নিয়ে ভাড়া থাকতেন। এতে নগদ ৩ লাখ টাকা, কয়েকটি ফ্রিজসহ ঘরগুলোর সব মালামাল পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল রানা জানান, বৈদ্যুতিক সর্টসার্র্কিট থেকেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে খবর পেয়ে দুপুরে স্থানীয় সুতিপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম রাজা, সাবেক চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী শহিদুল ইসলাম, ওয়াজ উদ্দিন মগরসহ বৃত্তশালী ব্যক্তিরা পৃথকভাবে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারের মধ্যেই নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।




