
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে মাল বোঝাই ট্রলার ডুবে পনের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ব্যাবসায়িদের। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার রানাপাশা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া খালে এ দূর্ঘটনা ঘটে। এ ট্রলার ডুবির ঘটনায় চাল, ডাল, আটা, ময়দা, সুজি, তেল, লবণসহ প্রায় ১৫ লাখ টাকার নিত্যপ্রয়োাজনীয় খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়।
স্থানীয় ও ব্যাবসায়ী সূত্রে জানা যায়,উপজেলার হদুয়া, মোল্লারহাট, বোত্রা বাজার সহ মোট পাঁচটি বাজারের ব্যবসায়ীদের মালামাল নিয়ে ট্রলারটি সোমবার দুপুর ২ টার দিকে ঝালকাঠির বানিয়াপট্টি থেকে বিভিন্ন মুদি ও মনোহারি পণ্য নিয়ে রওনা দিয়ে উপজেলার তেঁতুলবাড়িয়া খালে এসে নোঙর করে। এ অবস্থায় হঠাৎ ট্রলারটি পানিতে ডুবে যায়।
ব্যবসায়ীরা জানান, অধিকাংশ মালামাল আর বিক্রির উপযোগী নেই। তবে চাল ও ডালের মতো কিছু খাদ্যপণ্য কম দামে মাছের ঘেরে ব্যবহারের জন্য বিক্রি করা যেতে পারে।
ট্রলারটি এখনো পানির নিচে রয়েছে। স্থানীয়দের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন করে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ।



