পতাকা ডেস্ক : অপসারিত উপ-সহকারী পরিচালক (ডিএডি) শরীফ উদ্দিনের চাকরি ফেরতের আবেদন নাকচ করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৭ মে) ইস্যু হওয়া দুদক মহাপরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ সই করা চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশন ( কর্মচারী) চাকরি বিধিমালা ২০০৮ এর ৫৪(২) বিধি অনুযায়ী গত ১৬ ফেব্রুয়ারি উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। তিনি গত ২৭ ফেব্রুয়ারি প্রত্যাহারপূর্বক চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। তার আবেদন কমিশন কর্তৃক বিবেচিত হয়নি।
গত ১৩ মার্চ চাকরি থেকে অপসারণের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। গত ১১ এপ্রিল ওই রিটের শুনানি ১৯ মে পর্যন্ত মুলতবি রেখে আদেশ দিয়েছিলেন আদালত। একই সঙ্গে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ আইনজীবীকে বলেছিলেন, ‘আপনারা তার আবেদন নিষ্পত্তি করুন’।
এদিকে চাকরিচ্যুতির পর বৃদ্ধ মা, স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন শরীফ। তাই মানবিক বিবেচনায় একটি চাকরির জন্য গত ২৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন তিনি।
গত ১৬ ফেব্রুয়ারি মো. শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ সই করা প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২) তে প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি অনুযায়ী ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা (যদি থাকে) পাবেন। কমিশনের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে বেশকিছু বড় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফ উদ্দিন। এরপরই একাধিক মহলের রোষানলে পড়েন বলে অভিযোগ ওঠে।
সর্বশেষ গত ৩০ জানুয়ারি পরিবারসহ হত্যার হুমকি পান শরীফ। পরিবারসহ হত্যার হুমকি পাওয়ায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও তার সঙ্গীদের বিরুদ্ধে সিসিটিভির ফুটেজসহ চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন।




