প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো রাঙামাটির ২০৬টি ভূমিহীন পরিবার

মেহেদী ইমাম, রাঙামাটি প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মুজিব বর্ষের আশ্রয়ন প্রকল্পের আওতায় রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমি ও ঘর পেয়েছে ২০৬টি পরিবার।
মঙ্গলবার (২৬শে এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধুর সেই লক্ষ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, এই স্বাধীনতার মূল লক্ষটাই ছিল এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন। তিনি চেয়েছেন একটা মানুষ অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক চাহিদাগুলো তা পূরন হবে।
এতে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে কাউখালী অডিটোরিয়াম থেকে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে উপজেলার তালিকাভুক্ত ৪০টি পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির সনদ হস্তান্তর করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার (এমপি)।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, কাউখালি উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা, উপজেলা চেয়ারম্যান শামশুদ্দোহা চৌধুরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভূমি ও গৃহহীন পরিবারকে তৃতীয় ধাপে হস্তান্তরিত হওয়া এসব ঘর এর মাঝে বাঘাইছড়ি ৯০, বরকল ৫৫, কাউখালি ৪০টি, নানিয়ারচরে ১১টি ও লংগদু ১০টি পরিবারসহ জেলায় মোট ২০৬টি পরিবারের মাঝে ঘর ও জমি প্রদান করা হয়।




