রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত নাহিদ হোসেন (২০) নামে এক যুবক ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নাহিদ নাদিম হোসেনের ছেলে। তিনি কামরাঙ্গীরচর দেওয়ান বাড়ি এলাকার রনি মার্কেটে থাকেন। তিনি বাটা সিগন্যাল এলাকায় ডি-লিংক নামক কুরিয়ার সার্ভিসের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। ছয় মাস আগে বিয়ে করেন তিনি।
নাহিদের স্ত্রী ডালিয়া আক্তার সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে বাসা থেকে তিনি কর্মস্থলে আসেন। পরে ফেসবুকে স্বামী নাহিদের হাসপাতালে ভর্তির খবর পান তিনি। নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় আহতাবস্থায় রাস্তায় পড়েছিলেন নাহিদ।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন আইসিইউতে কর্তৃব্যরত চিকিৎসক ডা. তৌফিক ইলাহী।
ওদিকে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেন গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আহত ছাত্রের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়া সংঘর্ষে আহত সব শিক্ষার্থী ও অন্য ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।




