slider

মান্দায় পুলিশের অভিযানে একটি বিষ্ণুমূর্তি উদ্ধার

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয়দের ধারণ করা ভিডিওর সূত্র ধরে দেড় কোটি টাকা মূল্যের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার মহানগর গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ি থেকে মূতিটি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার কালিসফা গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে তারেকুর রহমান (৪৫), মহানগর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে শামসুজ্জামান (৪০), আনিছার রহমানের ছেলে সাদিকুল ইসলাম (৩০) ও নওসাদ আলীর ছেলে মোসলেম উদ্দিন (৪৫)।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর গ্রামে একটি পুরাতন পুকুর পুনঃখননের জন্য পুকুরমালিক নিশারুল ইসলামের সঙ্গে চুক্তিবদ্ধ হন কালিসফা গ্রামের তারেকুর রহমান ও সাহাপুর গ্রামের মৃত হাকিম মন্ডলের ছেলে আবদুল ওহাব হীরা। ওই পুকুর থেকে মাটি কেটে সরিয়ে নেওয়ার সময় গত ৯ এপ্রিল দুপুরে খননযন্ত্রের সাহায্যে একটি মূর্তি উঠে আসে। পরে মূর্তিটি একটি চটের বস্তায় ভরে মোটরসাইকেলে নিয়ে সটকে পড়েন জড়িতরা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পুকুর থেকে মূর্তি বের হওয়ার সংবাদে এলাকাজুড়ে হইচই পড়ে যায়। সংবাদ পেয়ে পুলিশও মূর্তিটি উদ্ধারে ঘটনাস্থলে যায়। কিন্তু জড়িতরা মূর্তির পরিবর্তে একটি শিলপাটা পুলিশকে বুঝিয়ে দেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মহানগর গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ি থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। এটি মূল্যবান পাথরের মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে। যার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
ওসি আরো বলেন, ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button