ঈদগাঁওতে প্রবাসীর বসতবাড়ি ভাঙচুর, মালামাল লুট।

নুরুল আজিম মিন্টু : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুর বামনকাটায় সৌদি প্রবাসী সেলিম উদ্দীনের বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় আলমারি ভেঙে স্বর্ণলংকার, সৌদি রিয়াল ও নগদ টাকা, মোবাইল, জমির দলিল লুট করেছে। নিয়ে গেছে ছেলে মেয়েদের স্কুল সার্টিফিকেটসহ অন্তত ২০ লক্ষ টাকার মালামাল।
গত ২৮ মার্চ গভীর রাতে ঘটনাটি ঘটে।
পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটানো হয়েছে বলে জানান প্রবাসীর স্ত্রী ফরিদা বেগম।
তিনি বলেন, দুর্বৃত্তরা আলমারি ও ওয়ারড্রপ ভেঙে ১২ ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা জমির দলিল মোবাইলসেট ও শিক্ষার্থীদের স্কুল-কলেজ সার্টিফিকেট, ১২ টি কম্বল নামি দামী আসবাবপত্র লুট করে নিয়ে গেছে।
অসুস্থ থাকায় গত ২৫ মার্চ কক্সবাজারে চিকিৎসা করতে যায়। বাড়িটিতে কেউ না থাকার সুযোগে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি তার।
দুর্বৃত্তরা গভির রাতে রান্নাঘরে চালের টিন কেটে ডাকাতদল ঘরে প্রবেশ করে। পরে রুমের দরজা ভেঙে আলমিরা কেটে স্বর্নঅলংকার মূল্যবান কাগজপত্র ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এসময় বাড়ির বৈদ্যুতিক মিটার নিয়ে যায় সাথে পানির মটরের পাইপ লাইন কেটে দিয়ে যায়।
ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি চান ক্ষতিগ্রস্ত পরিবার।




