সাভারে পৃথক ঘটনায় গৃহবধূ ও তরুনীর লাশ উদ্ধার

সোহেল রানা, সাভার (ঢাকা) : ঢাকার সাভারে শারমিন আক্তার নামের (১৮) এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভার পৌরসভার ছায়াবিথী আমতলা এলাকার জনৈক আব্দুর রহিমের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত ওই গৃহবধু মাদারীপুর জেলার কালকিনি থানার সিলারচর গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী। তারা স্বামী স্ত্রী মিলে সাভারে দীর্ঘদিন যাবৎ ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নিজ ভাড়া ঘরে ওই গৃহবধুর লাশ ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বামী অটোরিকসা চালক সোহাগ মিয়া।
পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। কিভাবে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করছে পুলিশ।
এদিকে পৃথক আরেকটি ঘটনায় সাভারের কলমা এলাকা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক নুরুল কাদির সৈকত বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।



