গোপীনাথপুরে জনপ্রিয়তার শীর্ষে সোহরাব আলী আকন্দ

নিজস্ব প্রতিবেদক,হরিরামপুর : আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা অধ্যুষিত ৮নং গোপীনাথপুর ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে সরকার দলীয় আ’ লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সোহরাব আলী আকন্দ। তিনি ১৯৯৭ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। শুধু তাই নয়, প্রথমবার নির্বাচিত হয়েই তিনি দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরস্কারও পান। চলতি নির্বাচনে তিনি সরকার দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে জনপ্রিয়তার সর্বোচ্চ স্থানে রয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে সোহরাব আলী আকন্দ জানান, “৭০ দশক থেকে আমি আওয়ামী পরিবারের সাথে সম্পৃক্ত আছি। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে এ ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনীত করেছেন। দলীয় নেতাকর্মী যেভাবে আমার হয়ে একনিষ্ঠভাবে কাজ করছে, আমি আশাবাদী নেত্রীর সেই আশা পূরণ করতে পারব, ইনশাআল্লাহ।”
উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মনির মোল্লা জানান, “আমরা দলীয় নেতাকর্মী একযোগে কাজ করছি। আমরা শতভাগ আশাবাদী জয় আমাদেরই হবে।”
উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক জুলফিকার বিশ্বাস লিটন জানান, “আমাদের এখানে প্রধান সমস্যা নদী ভাঙন। এই ভাঙনরোধে এবং গোপীনাথপুর ইউনিয়নের সকল প্রকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা বিজয়ের বিকল্প নেই। অন্যান্য স্থানের মতো আমাদের এখানে দলীয় কোনো বিভাজন নেই। নৌকার বিজয়ে আমরা সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি।”
উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ফরিদ মোল্লা জানান, নৌকা বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানের প্রতীক, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক। এই নির্বাচনে গোপীনাথপুর ইউনিয়নে নৌকা বিজয়ের জন্য আমরা দলীয় সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। সাধারণ জনগণ নৌকার পক্ষেই আছে। বিজয় আমাদের সুনিশ্চিত।”
এ ইউনিয়নে মোট প্রার্থী ৫ জন। অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা, মো. খলিলুর রহমান ও মোহাম্মদ মিলন বিশ্বাস। ইউনিয়নটিতে মোট ভোটার ১০,৬৮৩।




