রংপুরে পত্রিকাসহ অটোরিকশা ছিনতাই

রংপুর প্রতিনিধি : রংপুরে রাস্তায় ব্যারিকেড দিয়ে পত্রিকাসহ একটি অটোরিকশা ছিনতাই করা হয়েছে। শনিবার ভোর ৫টায় অটোরিকশাচালক রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দৈনিক করতোয়া, দৈনিক ভোরের দর্পণ এবং দৈনিক খোলাকাগজ পত্রিকা নিয়ে বদরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। এসময় অটোরিকশায় আটজন যাত্রী ছিল বলে
জানান অটোরিকশাচালক রফিকুল ইসলাম। তিনি বলেন, ৫টা ২০মিনিটে অটোরিকশাটি রংপুর-বদরগঞ্জ রোডের নয়ারহাট ব্রিজে পৌঁছলে ছিনতাইকারীরা রাস্তায় কলাগাছ ফেলে অটোরিকশাটি আটকায়। এরপর ছিনতাইকারীরা আমাকেসহ আট যাত্রীকে বেঁধে ফেলে নয়টি সেলফোন, নগদ ২৫ হাজার টাকা এবং অটোরিকশাটি ছিনতাই করে
পালিয়ে যায়।
এঘটনায় দুপুর ১টায় সেলফোনে রংপুর মহানগর কোতয়ালী থানায় যোগাযোগ করা হলে বলা হয়- বিষয়টি সদর কোতয়ালী থানার অর্ন্তগত। এক্ষেত্রে মহানগর কোতয়ালী থানার কিছুই করার নেই। আবার ১টা ৫মিনিটে রংপুর সদর কোতয়ালী থানায় যোগাযোগ করা হলে বলা হয় ঘটনাটি মহানগর কোতয়ালী থানা এলাকায় ঘটেছে। অযথা ওই ঘটনাটিকে সদর কোতয়ালী থানায় চাপিয়ে দেয়ার কোন মানে হয়না।




