রাজনীতিশিরোনাম

প্রধানমন্ত্রীকে ‘অভয় দিলেন’ জাফরুল্লাহ চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অভয় দিয়ে’ গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনি যদি হেরে যান, তবে আপনার ওপর অত্যাচারের স্টিম রোলার চালানো হবে না।’
শনিবার দুপুর ২টায় রাজধানীর ধানমন্ডিতে একটি হোটেলে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিমের আহ্বানে দেশের মঙ্গল কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী হেরে যান তাকে নিশ্চিত করতে চাই যে, আজকে আপনি যে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছেন, সেটা আপনার ওপরে চালানো হবে না। আপনি সুষ্ঠু বিচার পাবেন। অন্তত এই একটা শর্তে আমরা যেন সবাই রাস্তায় নামতে পারি। এভাবে একটা দেশ চলতে পারে না।’
এতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘আজকে আমাদের কোনো নাগরিক অধিকার নেই। একটা দুঃসহ অবস্থা চলছে। এ থেকে পরিত্রাণ চাইলে আমাদেরকে রাজপথে নামতে হবে।’
তিনি বলেন, ‘আমি আশা করবো- ’৭১ এ যে ধরনের তরুণদের দেখতে পেয়েছিলাম, যাদের এক মাসের ট্রেনিং দিয়ে যোদ্ধায় পরিণত করেছিলাম, যারা মাইন, কামানের গোলা, মেশিন গানের মুহুর্মুহু গোলা অতিক্রম করে শত্রুর ওপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেই ধরনের সাহসী সন্তানদের আবার রাজপথে দেখতে চাই। আসুন আমরা সবাই মিলে রাজপথে শামিল হয়ে দুঃশাসনের অবসান করি।’
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button