আইন আদালত

এরফান সেলিমকে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে চকবাজার থানায় দায়েরকৃত অস্ত্র ও মাদক মামলা থেকে তাকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তার দেহরক্ষী জাহিদুল মোল্লাকে অভিযুক্ত করে দুই মামলায় চার্জশিট দেওয়া হয়েছে।
আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এরফান সেলিমের বিরুদ্ধে তথ্য প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করা হয়েছে। তার দেহরক্ষী জাহিদুলের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় চার্জশিট দেওয়া হয়েছে।’
তবে এখনও আদালতের সাধারণ নিবন্ধন শাখায় তা জমা পড়েনি বলে সংশ্লিষ্ট জিআর থেকে জানানো হয়েছে।
জানা যায়, ২০২০ সালের ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের গাড়িটি তাকে ধাক্কা মারে। এরপর তিনি সড়কের পাশে মোটরসাইকেলটি থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে ইরফানের সঙ্গে থাকা অন্যরা একসঙ্গে তাকে কিল-ঘুষি মারেন এবং মেরে ফেলার হুমকি দেন।
এ ঘটনায় ২৬ অক্টোবর ইরফান সেলিম, তার বডিগার্ড মো. জাহিদ, এ বি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button