রাজারহাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

রাজারহাট (কুড়িগ্রাম )প্রতিনিধি : রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন মৌজায় উদ্বোধনী ও প্রথম পর্বের মনমুগ্ধকর লাঠি খেলা অনুষ্ঠিত হয় । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব আবুনূর মোহাম্মদ আখতারুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রী:অজয় কুমার সরকার ।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। মঙ্গলবার (২২ ডিসেম্বর ) রাজারহাট উপজেলার সোমনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই প্রাচীন খেলা।
কালের ক্রমে হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখতে ভিড় করে নানা বয়সের মানুষ। গ্রামীন এ ঐতিহ্যবাহী লাঠি খেলাকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এমনটাই মনে করেন দর্শনার্থীরা।
মঙ্গলবার দুপুর থেকেই কেউ হেঁটে আবার কেউবা ভ্যান কিংবা মোটরসাইকেলে খেলা দেখতে ভিড় করে নানান বয়সের নারী-পুরুষ। মঙ্গলবার সোমনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে আসতে শুরু করেন। সুর্য পশ্চিম দিগন্তে একটু হেলে পড়তেই শুরু হয় খেলা।
ঢাক, ঢোল আর কাঁসার ঘন্টার শব্দে চারপাশ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। তারপরই চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। হারিয়ে যাওয়া এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিয়মিত এই ধরনের আয়োজন করার দাবি করেন দর্শকরা।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা অবধি চলা লাঠিখেলায় আগত ৪টি লাঠিয়াল বাহিনী অংশগ্রহণ করে।
কিছুটা সময়ের জন্য প্রাচীন গ্রাম বাংলার আবহে ফিরে যেতে পেরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন স্থানীয়রা




