
মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ঝালকাঠির নলছিটি উপজেলার সর্বস্তরের মানুষ। সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এরই ধারাবাহিকতায় মঙ্গরবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের ৩টি ওষুধের দোকান ছাড়া সব ধরনের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করেছেন নলছিটির ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুর ১ টার দিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে শহরে মাইকিং করে এ শোক পালন সম্পর্কে স্থনীয় ব্যবসায়ী ও জনসাধারণকে অবহিত করে ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী দুপুর ২টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নলছিটি পৌর শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসাীরা।
ব্যবসায়ীরা জানান, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন দেশনেত্রী । তিনি সত্যিকারের একজন দেশ প্রেমিক। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশের অংশ হিসেবে আমরা ৪ ঘন্টা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
বিশিষ্ট ব্যবসায়ী ও ভলান্টিয়ার্স অফ নলছিটি এর আহবায়ক মো. শহাদাত আলম ফকির জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নেত্রী নন, তিনি ছিলেন দেশের সকল মানুষের নেত্রী। আপোষহীন এ দেশনেত্রী আধিপত্যবাদের বিরুদ্ধে সারাজীবন লড়াই করেছেন। তার মৃত্যুতে দেশবাসীর পাশাপাশি আমরা গভীরভাবে শোকাহত। এজন্য শহরের ব্যবসায়ীদের সর্বসম্মত সিদ্ধান্তে মঙ্গলবার ৩০ ডিসেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের তিনটি ওষুধের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




