জাতীয়শিরোনাম

২০১৭ সালে রাজধানীতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৮.৪৪ শতাংশ

নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য ও সেবার ব্যয় বৃদ্ধি পাওয়ায় রাজধানীতে জীবনযাত্রার ব্যয় ২০১৭ সালে ৮ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কনজিউমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ কথা জানায়।
ক্যাব সভাপতি গোলাম রহমান আজ মঙ্গলবার এখানে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ক্যাব নগরীর ১৫টি কাচাবাজারে ১৪৪টি খাদ্যপণ্য, ২২টি নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ১৪টি ইউটিলিটি সেবা সম্পর্কে তথ্য সংগ্রহ করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চিত্র তুলে ধরেছে।
গোলাম রহমান বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পৃথক ‘সাপ্লাই এন্ড প্রাইস’ বিভাগ গঠন অথবা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে পৃথক মন্ত্রণালয় তৈরিসহ ১০ দফা সুপারিশ তুলে ধরেন।
এতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য নিয়ন্ত্রণে বিকল্প ব্যবস্থা হিসেবে একজন উপদেষ্টার নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি পৃথক উইং খোলার সুপারিশ করা হয়।তিনি ভোক্তা অধিকার রক্ষায় বাড়ি ভাড়া আইন ১৯৯১ সংশোধন এবং হাউস রেন্ট কমিশন গঠনের সুপারিশ করেন।
তিনি চালের দাম স্থিতিশীল রাখতে এবং কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে ধান তোলার সময় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান-চাল সংগ্রহে পরীক্ষামূলকভাবে ‘কন্ট্রাক্ট পেয়িং সিস্টেম’ চালুর পরামর্শ দেন।
ক্যাব জানায়, ২০১৭ সালে পণ্য ও সেবার মূল্য ৭ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। চালের মূল্য বিশেষ করে মোটা চালের মূল্য বেড়েছে ২০ দশমিক ৪০ শতাংশ, সবজির মূল্য বেড়েছে ২৪ দশমিক ২৮ শতাংশ, তরল দুধ ২০ দশমিক ৩৬ দশমিক এবং গরুর মাংস ১৯ দশমিক ৭২ শতাংশ, পিঁয়াজ ৪০ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। ২০১৭ সালে বাড়ি ভাড়া বেড়েছে ৮ দশমিক ১৪ শতাংশ। তবে ডাল, ডিম, আলু ও রসুনের দাম ২০১৭ সালে কমেছে।
দেশীয় মসুর ডালের দাম ৭ দশমিক ৬৭ শতাংশ কমেছে, আমদানিকৃত ডালের দাম ১২ দশমিক ২৪ শতাংশ, ডিম ৬ দশমিক ৪৩ শতাংশ, নারিকেল তেল ৫ দশমিক ৭৮ শতাংশ, আলু ৪ দশমিক ৪৫ শতাংশ এবং রসুনের দাম ৪ দশমিক ৩৬ শতাংশ কমেছে।
ক্যাব জানায়, ২০১৭ সালে বিদ্যুতের মূল্য বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ উৎপাদন এবং গ্রহক সংখ্যা বিপুল হওয়ায় বিদ্যুৎ সরবরাহে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ২০১৬ সালে রাজধানীতে জীবনযাত্রার ব্যয় বেড়েছিলো ৬ দশমিক ৪৭ শতাংশ। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button