১৯৫৬ সালের ফিলিস্তিন গণহত্যার বিরুদ্ধে ইসরাইলে বিক্ষোভ

ফিলিস্তিনে ১৯৫৬ সালে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইসরাইলের আরব জাতিগোষ্ঠীর লোকজন। এ গণহত্যার বার্ষিকী উপলক্ষে স্থানীয় সময় রোববার কুফর কাসেম শহরে ধর্মঘট ও বিক্ষোভের মাধ্যমে এর প্রতিবাদ জানানো হয়। সে সময় ৪৮ ফিলিস্তিনীকে হত্যা করেছিল দখলদার ইসরাইল।
এ উপলক্ষে পশ্চিম তীরেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে আরব কর্মীদের ওপর ইসরাইলি সীমান্ত রক্ষী বাহিনী গুলি বর্ষণ করে। পশ্চিম তীরের এ স্থানটি ইসরাইলের গ্রিন লাইনের খুব কাছে অবস্থিত, এক সময় যা জর্ডানের অন্তর্ভুক্ত ছিল।
এ বিক্ষোভে অংশ নেন ইসরাইলি সংসদে ফিলিস্তিনের এমপিরা। তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। তারা শহরের আবু বকর আল-সিদ্দিক মসজিদ থেকে শহরের গণহত্যার স্মৃতিস্তম্ভ পর্যন্ত যান।
আরব৪৮ নিউজ ওয়েবসাইট রোববার জানিয়েছে, যদিও ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী শিমন পেরেজ ২০০৭ সালে বাসিন্দাদের কাছে এ বিষয়ে ‘গভীর অনুশোচনা’র কথা বলেছিল, কিন্তু শহরের মেয়র আদেল বুদেইর অভিযোগ করেছেন, ইসরাইল এখনো আনুষ্ঠানিকভাবে এ গণহত্যার ব্যাপারে দুঃখ প্রকাশ করেনি।
সূত্র: আনাদোলু এজেন্সি



