১০ কোটি রুপি দিল সানরাইজার্স হায়দরাবাদ

ভারতে করোনাভাইরাস মোকাবিলায় আগেই সাহায্যের হাত বাড়িয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্স। এবার বড় অঙ্কের অর্থসাহায্যের হাত বাড়িয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ।
কিংস ইলেভেন ও নাইট রাইডার্সের পদাঙ্ক অনুসরণ করে করোনা মোকাবিলায় ১০ কোটি টাকা অর্থসাহায্যের সিদ্ধান্ত নিল ২০১৬ আইপিএল চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার টুইটারে হায়দরাবাদ জানায়, কভিড-১৯ রিলিফ ফান্ডে ১০ কোটি রুপি অর্থ সাহায্য করেছে সানরাইজার্স হায়দরাবাদের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সান টিভি গ্রুপ।
ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক ডেভিড ওয়ার্নার টুইটারে লিখেছেন- “ভীষণ ভালো একটা সিদ্ধান্ত। ওয়েল ডান সান টিভি গ্রুপ (হায়দরাবাদের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান)।”
ভারতে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭’শ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জনে।
প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। তাতে বড় সংকটে পড়েছে দেশটির সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের সহায়তায় এগিয়েছেন দেশটির তারকা ক্রিকেটাররাসহ অনেকেই।



