১০০ টি বিষয় যা সফল ব্যক্তিরা করে থাকেন: চতুর্থ অনুশীলন- ‘মানসিকভাবে বুদ্ধিমান হোন’
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এই নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজ ফর সাকসেসফুল লিভিং’ অর্থাৎ, ‘সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের জন্য ছোট্ট অনুশীলন।’ সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা চতুর্থ বিষয়টি সম্পর্কে। বইটি অনুবাদ করেছেন বুশরা আমিন তুবা।
চতুর্থ অনুশীলন: মানসিকভাবে বুদ্ধিমান হোন
আপনার কি কখনো না ভেবে কথা বলে কিংবা অতিরিক্ত রেগে গিয়ে পরে অপরাধবোধ হয়েছে? আপনি কি খুব প্রতিহিংসাপরায়ণ? আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন না? এ ব্যাপারগুলো যদি আপনার সঙ্গে ঘটে থাকে, তবে এখনই নিজেকে সামলান। আপনার এহেন ব্যবহার নিশ্চিত আপনার সাফল্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে!
স্বল্প আবেগীয় বুদ্ধিমত্তার উদাহরণ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মানুষ বাসে দাঁড়িয়ে চিৎকার করছে, বাবা-মা সন্তানের সঙ্গে কলহ করছেন এমনকি কোনো কর্মী বসের সঙ্গে ঝগড়া করে চাকরি ছেড়ে দিচ্ছেন।
ইকিউ (EQ) পরিপূর্ণ ও সুন্দর জীবনের ক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান। একজন সফল সঙ্গী, পিতা-মাতা এবং সহকর্মী হওয়ার ক্ষেত্রে এটি ‘ভিত্তি’ হিসেবে কাজ করে। একটি সফল বৈবাহিক সম্পর্ক, ক্যারিয়ার, পরিবার এমনকি ব্যাবসায়িক সম্পর্ক ও মানসিক অস্থিতিশীলতার কারণে নষ্ট হতে পারে।
মানুষের জীবনের দিকে তাকিয়ে হাসা এবং কুরুচিপূর্ণ মন্তব্য করা খুব সহজ। কিন্তু মনে রাখবেন, এতে করে আপনি নিজের ক্ষতি নিজেই করছেন। সাফল্যে পরিপূর্ণ একটি জীবন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অন্য কাউকে মনঃক্ষুণ্ন করা বন্ধ করতে হবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। নিতান্তই কারো সঙ্গে যদি রেগে যান তাহলে ধীরস্থির হয়ে তাকে বোঝান ব্যাপারটা। তা না হলে, সারা জীবন আপনাকে নিজের কাছে অপরাধী হয়েই থাকতে হবে।
অন্য কারো জায়গায় থাকলে আপনি কD করতেন, এটা ভেবে প্রতিটা কাজ শুরু করুন। অন্যের দৃষ্টিভঙ্গি দিয়েও মাঝেমাঝে নিজেকে বিচার করুন। এটিই উচ্চমাত্রার ইকিউ এর লক্ষণ। এমন মানুষেরা কদাচিৎ নিজের প্রতি নিয়ন্ত্রণ হারান। জীবন তাদের যেভাবেই রাখুক না কেন, তারা সেটিকে সাদরে আমন্ত্রণ জানান।

অভিব্যক্তি প্রকাশের আগে একটু ভাবুন। প্রতীকী ছবি
অভিব্যক্তি প্রকাশের আগে একটু ভাবুন
প্রথমে আপনি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে ফেললেন এবং পরবর্তীতে কষ্ট পেলেন, এমন করা বন্ধ করুন। আপনি কী ভাবছেন না ভাবছেন, সেই ব্যাপারে সৎ থাকুন। প্রচণ্ড রাগ, হিংসা কিংবা দুঃখ পেলে অন্য কারো সঙ্গে কথা বলা থেকে বিরত থাকুন। দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন এবং নিস্তব্ধ থাকুন। অন্য কেউ যদি আপনার থেকে কিছু শোনার আগ্রহ পোষণ করে, তবে তাকে বলুন ‘আমাকে ভাবার জন্য একটু সময় দিন’।
ক্লান্তি, অতিরিক্ত পরিশ্রম এবং স্ট্রেসের কারণে আপনি মানসিকভাবে খুব ভেঙ্গে পড়েন। এমন অবস্থায় আমি সবসময় বলি একটু বিরতি নিন। ধরুন, একদিন পর আপনাকে একটি মেইল পাঠাতে হবে। এক্ষেত্রে ২৪ ঘণ্টা অপেক্ষা করুন এবং পাঠানোর আগে বারবার মেইলটি পড়ে নিন।

নিজের শাসন নিজেই করুন
অন্যরা কী অনুভব করছেন এবং কী বলতে চাইছেন, এটা জানা অনেক বড় একটি গুণ। অধিকাংশ বসের এই গুণ থাকে এবং তাদের সবাই ভালোবাসেন। অনুপ্রেরণার জন্য আপনি কোন রোল মডেলকে প্রাধান্য দেবেন?
অন্য কেউ আপনাকে বুঝবে সেজন্য অপেক্ষা করাই সহমর্মিতা নয়। অন্য একজন মানুষকে নিজের মূল্যবান সময় এবং মনোযোগ প্রদান করাও অনেক সাহসের কাজ। যারা আপনার খুব আপন, তাদের কখনো ত্যাগ করেন না। কারো আবেগ নিয়ে কখনো খেলবেন না। একটু সময় নিয়ে বসে নিজ সন্তান, সঙ্গী ও সহকর্মীর সঙ্গে মন খুলে আলাপ করুন।
প্রিয় লাইফ/প্রিয়.কম



