slider

হরিরামপুরে বৃষ্টিতে সরিষা নষ্ট হওয়ার আশঙ্কা

নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জে হরিরামপুর উপজেলায় ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে বুধবার থেকে গুঁড়ি গুঁড়ি ও মধ্যরাত থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। অসময়ে বৃষ্টিতে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে কৃষক। টানা বৃষ্টিতে সরিষা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এ অঞ্চলের কৃষকরা।

আজিমনগর, লেছড়াগঞ্জ, সুতালড়ী ইউনিয়নে সরেজমিন গিয়ে দেখা যায়, বৃষ্টির ফলে অনেক জমির সরিষা চারা গাছ পরে গেছে ও পানি জমেছে নিচু জমিগুলোতে।

কৃষকেরা জানান, গুড়ি গুড়ি বৃষ্টি দীর্ঘ সময় চলতে থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হবে। এরইমধ্যে আগাম সরিষার আবাদে অনেক ক্ষতি হয়েছে। সরিষার জমিগুলো বৃষ্টি ও বাতাসের কারণে গাছ নুয়ে পড়েছে। ফুল ও ফল নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে সরিষা ফুলকে কেন্দ্র করে মধুচাষেও পড়েছে বিপর্যয়। তারাও ক্ষতির আশঙ্কা করছেন।

আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের চাষী লতিফ পাল বলেন, আমি এবছর ২০০ শতাংশ জমিতে সরিষা আবাদ করেছি। অসময়ে বৃষ্টির ফলে অনেক ক্ষতি হয়ে যাবে। আজও যদি বৃষ্টি থাকে তাহলে যে জমিতে ফুল এসেছে সেই জমির ফুল গুলো নষ্ট হয়ে যাবে। যদি রোদ উঠে তাহলে ক্ষতি কম হবে।

একই এলাকার শহিদ বেপারী বলেন, আমি এবছর একশ ৫০ শতাংশ জমিতে সরিষা আবাদ করেছি। বৃষ্টি হওয়ায় অনেক ক্ষতি হয়ে গেল। সরিষা চারা গাছ গুলো বৃষ্টির জন্য পরে গেছে।

উপজেলার কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৬৪৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button