হরিরামপুরে ঝিটকা বাজারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে অভিযান চালিয়ে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায়, মূল্য তালিকা প্রদর্শন না করা ও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করার দায়ে ‘নয়ন বেকারি’কে ১০ হাজার এবং মেয়াদত্তীর্ণ ওষুধ রাখায় ‘মাহিন হোমিও হেলথ’কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল গণমাধ্যমকে জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার এবং মেয়াদত্তীর্ণ ওষুধ রাখার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ার রহমান এবং ৩৬ আনসার ব্যাটলিয়নের সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন বলে জানা যায়।




