
পোষা কুকুর নিয়ে নিউইয়র্কের রাস্তায় হাঁটছিলেন এক নারী। এক শিকারি তাকে ‘হরিণ’ ভেবে গুলি চালালেন। সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
গত বুধবার এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।
চাউটাকুয়া কাউন্টি শেরিফ অফিস থেকে বলা হয়েছে, রোজমারী বিলকুইস্ট (৪৩) নামের মহিলা স্থানীয় সময় বিকেল ৫টায় শারম্যানে পোষা কুকুর নিয়ে নিজের বাড়ির সামনে হাঁটছিলেন, ওই সময় হঠাৎ করেই তাকে গুলি করে থমাস জাদোলোস্কি নামের একজন।
শেরিফ অফিস থেকে বলা হয়েছে, জাদোলোস্কি জবানবন্দীতে জানিয়েছেন, তিনি ফাঁকা মাঠে একটি হরিণ দেখতে পেয়ে সাথে থাকা পিস্তল থেকে একটি গুলি করেছিলেন।
অফিস থেকে বলা হয়, ‘গুলি করার পরই জাদোলোস্কি একটি চিৎকার শুনতে পান এবং ২০০ গজ দূরে গিয়ে বিলকুইস্টকে দেখতে পান।’
৩৪ বছর বয়সী শিকারি তাৎক্ষণিকভাবে ৯১১ নম্বরে ফোন দেন এবং হাসপাতাল থেকে চিকিৎসক দল আসা পর্যন্ত বিলকুইস্ট জীবিত ছিলেন। তাকে তাৎক্ষণিকভাবে পেনসিলভানিয়ার ইরি হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান। – নিউজউইক




